মুন্সিগঞ্জে বিএনপি-স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৫
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বিএনপি ও এক স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। ঘটনার পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শিলই ইউনিয়নের পূর্ব রাখীরকান্দী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পূর্ব রাখীরকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে যান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদ্য বহিষ্কৃত সদস্য সচিব ও বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিন আহমেদের (ফুটবল প্রতীক) সমর্থকরা। এ সময় বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতনের সমর্থকদের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুরু মোল্লা ও স্থানীয় বিএনপি নেতা জাকির জমাদ্দারের নেতৃত্বে হামলা চালানো হয়। সংঘর্ষ চলাকালে ভোটকেন্দ্রে থাকা প্লাস্টিকের চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
আহতরা হলেন— সদ্য বহিষ্কৃত সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ (৩৮), জয় বেপারী (৩২), মো. ইকবাল (৪০), জুয়েল শেখ (৪৩) ও আব্দুল জব্বর বেপারী (৫৩)।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
মুন্সিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাসুদুর রহমান জানান, আহতদের মধ্যে তিনজনের মাথা ও ঘাড়সহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। একজনের ডান হাত ভাঙা অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, রাজনৈতিক আধিপত্যের পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সহিংসতা এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

