নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি: মন্ত্রিপরিষদ সচিব

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:২০ অপরাহন, ফেব্রুয়ার ১৪, ২০২৬

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পড়াবেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ। তিনি বলেন, নতুন মন্ত্রিসভার শপথের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তুতি রয়েছে। শপথ অনুষ্ঠানে কম-বেশি এক হাজার অতিথিকে দাওয়াত দেওয়া হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। বর্তমানে রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন মো. সাহাবুদ্দিন।

মন্ত্রিসভার সদস্য সংখ্যা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি নির্ভর করবে সংসদ নেতা তথা সম্ভাব্য প্রধানমন্ত্রীর ওপর। তিনি কতজনকে মন্ত্রী হিসেবে দেখতে চান, সেটিই চূড়ান্ত হবে।

শপথ ১৭ না ১৮ ফেব্রুয়ারি—এ বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু জানাননি। তিনি বলেন, যেদিনের জন্য নির্দেশনা দেওয়া হবে, সেদিনই প্রস্তুতি অনুযায়ী শপথ অনুষ্ঠান সম্পন্ন করা হবে। এমনকি পরদিন নির্দেশ এলেও সে অনুযায়ী কাজ করা হবে।

তিনি আরও জানান, জাতীয় সংসদের ২৯৭টি আসনের নির্বাচিত সদস্যদের গেজেট প্রকাশিত হয়েছে। আইন অনুযায়ী তিন কর্মদিবসের মধ্যে তাদের শপথ গ্রহণ সম্পন্ন হবে, যা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে।

সংসদ সদস্যদের শপথের পর সংখ্যাগরিষ্ঠ দলের নির্বাচিত নেতা রাষ্ট্রপতির কাছে দাবি পেশ করবেন যে তিনি সংসদের আস্থাভাজন। এরপর রাষ্ট্রপতি তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন।

Nagad

এরপর সুবিধাজনক সময়ে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তিনি আশা প্রকাশ করেন, আগামী তিন থেকে সর্বোচ্চ চার দিনের মধ্যেই নতুন মন্ত্রিসভার শপথ সম্পন্ন হবে।