কমনওয়েলথ মহাসচিব অভিনন্দন জানালেন তারেক রহমানকে
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভের পর বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় শার্লি বোচওয়ে বাংলাদেশের জনগণকে সফল ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া এবং গণভোটে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠানকে তিনি আন্তরিকভাবে প্রশংসা করেন।
কমনওয়েলথ মহাসচিব বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং পরবর্তী ধাপে সমর্থন জোগাতে তাদের অঙ্গীকার পুনর্নিশ্চিত করেছেন। বিশেষ করে দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে জনগণ যখন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে, সেটিকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেছেন।
নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত সর্বশেষ ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফলাফল ঘোষণা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অবশিষ্ট দুটি আসনেও বিএনপির প্রার্থীরা বিশাল ব্যবধানে এগিয়ে রয়েছেন।
জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয়ী হয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনি ঐক্যের অন্যান্য শরিকরা আরও ৯টি আসনে জয়ী হয়েছে। সব মিলিয়ে এবারের সংসদ বৈচিত্র্যময় ও প্রতিনিধিত্বশীল রূপ পেতে যাচ্ছে।

