নতুন মন্ত্রিসভার জন্য প্রস্তুত ৪৫টি গাড়ি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৪৯ অপরাহন, ফেব্রুয়ার ১৭, ২০২৬

সংগৃহীত ছবি

নতুন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের জন্য ৪৫টি গাড়ি সচিবালয়ে প্রস্তুত রাখা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের চাহিদা অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিবহন পুলের মাধ্যমে গাড়িগুলো সরবরাহ করা হয়েছে।

সকাল সাড়ে ১০টার পর সচিবালয়ে গাড়িগুলো প্রবেশ শুরু করে। গাড়িগুলো নতুন ১ নম্বর ভবনের নিচে এবং সামনে রাখা হচ্ছে। মোট ৬৮টি গাড়ির মধ্যে ৪৫টি গাড়ি এখানে রাখা হয়েছে, যাতে কোনো গাড়িতে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে পরিবর্তন করা যায়। গাড়ির মধ্যে বেশিরভাগ টয়োটা ক্যামরি, কিছু মিটসুবিশি ল্যান্সার রয়েছে।

গাড়িগুলোতে ফ্ল্যাগস্ট্যান্ড লাগানো থাকবে এবং লিঁয়াজো অফিসারসহ ড্রাইভার মন্ত্রিসভার সদস্যদের বাসা থেকে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথগ্রহণের জন্য পৌঁছে দেবে। নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট ২১২টি আসনে জয়ী হয়ে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। জামায়াত ও এনসিপি জোট পেয়েছে ৭৭টি আসন, স্বতন্ত্র ও অন্যান্য ৮টি আসন। শপথ নেওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে। নতুন মন্ত্রিসভা শপথ গ্রহণের সঙ্গে সঙ্গে আগের অন্তর্বর্তীকালীন সরকার স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে।