মন্ত্রিপরিষদে জায়গা হয়নি বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতার
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী নিয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রীসহ মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
নতুন মন্ত্রিসভায় প্রথমবারের মতো নির্বাচিত অনেক সংসদ সদস্য স্থান পেলেও বিএনপির বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা এবার মন্ত্রিপরিষদে জায়গা পাননি।
মন্ত্রিপরিষদে স্থান না পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়।
এ ছাড়া জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু-ও মন্ত্রিসভায় স্থান পাননি।
উল্লিখিত নেতাদের মধ্যে শামসুজ্জামান দুদু, নজরুল ইসলাম খান ও রুহুল কবির রিজভী ছাড়া বাকিরা অতীতে বিএনপি সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। নতুন মন্ত্রিসভায় তুলনামূলকভাবে নতুন মুখের উপস্থিতি বেশি হওয়ায় দলীয় অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

