মাতৃভাষা দিবসে ঢাকা নিরাপদ রাখতে ১৫ হাজার পুলিশ মোতায়েন: ডিএমপি কমিশনার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীজুড়ে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার-এর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, মহান শহীদ দিবস ঘিরে প্রতিবছরের মতো এবারও একটি রুটিন নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। শহীদ মিনারে সাধারণ মানুষ ধৈর্যসহকারে আসেন এবং পরের দিন দুপুর পর্যন্ত পুষ্পমাল্য অর্পণ করেন। এ কারণে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন, নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনারকেন্দ্রিক নয়; পুরো ঢাকা শহরজুড়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজধানীকে নিরাপদ রাখতে পুলিশ সর্বাত্মক প্রস্তুত রয়েছে।
কমিশনার আরও জানান, নিয়মিত টহলের পাশাপাশি ডগ স্কোয়াড, বোম ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংও জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, ফেব্রুয়ারি বাঙালির আবেগের মাস। মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসমাগম হবে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিবর্গসহ বিদেশি কূটনীতিকরা শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সর্বসাধারণের জন্য শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হবে।
সর্বসাধারণের প্রতি শৃঙ্খলা বজায় রেখে শহীদ মিনারের পবিত্রতা রক্ষার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

