রোজায় পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নির্দেশ মন্ত্রীর
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান রোজার মাসে পার্বত্য অঞ্চলে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে সর্বোচ্চ তৎপর থাকার নির্দেশ দিয়েছেন।
আজ সোমাবর (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে তাঁর নিজ কার্যালয় থেকে টেলিফোনে রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে কথা বলেন তিনি। এ সময় পার্বত্য চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন মন্ত্রী।
ফোনালাপে তিনি রোজার মাসে স্থানীয় পর্যায়ে বাজারদর নিয়ন্ত্রণ, নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা এবং বিদ্যুৎ ও জ্বালানির যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো প্রকার আপস না করে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের জন্য সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন।
মন্ত্রী দীপেন দেওয়ান বলেন, পার্বত্য অঞ্চলের দীর্ঘস্থায়ী শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা প্রশাসনের নৈতিক দায়িত্ব। বিশেষ করে ভূমি সংক্রান্ত সংবেদনশীল বিষয়গুলো আইন ও বিধি অনুযায়ী অত্যন্ত সতর্কতার সঙ্গে নিষ্পত্তি করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেন তিনি। পাশাপাশি যানজট নিরসন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে জেলা ও পুলিশ প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
পার্বত্য এলাকায় কোনো ধরনের দুর্নীতি বরদাশত করা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তদন্তে প্রমাণিত দুর্নীতিবাজ ও ভূমি দস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে বিশেষ কমিটি গঠন করে তাদের চিহ্নিত করার নির্দেশও দেন তিনি।
লামা থেকে শুরু হতে যাওয়া সরকারের ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে বান্দরবান জেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেন মন্ত্রী।
এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামে সর্বোচ্চ সংখ্যক চারা রোপণের তাগিদ দেন তিনি। তিন জেলাতেই পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম গড়ে তোলার ওপরও বিশেষ গুরুত্বারোপ করেন মন্ত্রী।
সরকারের ১৮০ দিনের কর্মসূচি সফল বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, পানি ও যুব উন্নয়ন খাতকে অগ্রাধিকার দিয়ে তদারকি করতে জেলা প্রশাসকদের প্রতি বিশেষ নির্দেশনা দেন তিনি।

