উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১৫ অপরাহন, মার্চ ৩, ২০২৬

বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচন সামনে রেখে প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করা হয়েছে। আগামী ১০ মার্চ সদর উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল তার।

মঙ্গলবার (৩ মার্চ) জেলা প্রশাসন এ সফর বাতিলের বিষয়টি নিশ্চিত করেছে।

বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানান, প্রধানমন্ত্রীর ১০ মার্চের ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হলে তা জানানো হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সাংবিধানিক বিধান অনুযায়ী শপথ গ্রহণের আগে তিনি বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন। পরে শূন্য ঘোষিত এ আসনে আগামী ৯ এপ্রিল উপনির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশ নির্বাচন কমিশন।

উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা বলেন, বগুড়া সদর আসনে বর্তমানে নির্বাচনী তফসিল কার্যকর রয়েছে। এ সময়ে সরকারের বিশেষ কোনো কর্মসূচি আয়োজন হলে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের প্রশ্ন উঠতে পারে। প্রধানমন্ত্রী সব সময় নিয়মের প্রতি শ্রদ্ধাশীল, তাই বিধি লঙ্ঘনের সুযোগ এড়াতেই সফরটি স্থগিত করা হয়েছে।

এর আগে গত ২৭ ফেব্রুয়ারি সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম শিবগঞ্জ সফরে এসে জানিয়েছিলেন, ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করতে প্রধানমন্ত্রী ১০ মার্চ বগুড়ায় আসবেন। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছিল। তবে নির্বাচনী বিধিনিষেধের কারণে শেষ মুহূর্তে সফরটি পিছিয়ে দেওয়া হলো।

Nagad

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ইতোমধ্যে বিএনপির রেজাউল করিম বাদশাসহ তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বিএনপি চেয়ারম্যানের ছেড়ে দেওয়া আসন হওয়ায় এ উপনির্বাচন ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ দেখা গেছে।