হরমুজ প্রণালী সংকটে ইউরোপে গ্যাসের দাম দ্বিগুণের বেশি বৃদ্ধি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্, মার্চ ৪, ২০২৬

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর উত্তেজনা বৃদ্ধি এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ১০০ শতাংশের বেশি বেড়েছে।

হামলার প্রেক্ষাপটে কাতারের রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি নিরাপত্তা ঝুঁকির কারণে রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি ও মেসাইদ শিল্প এলাকায় অবস্থিত বড় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) স্থাপনাগুলোর উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দেয়। এতে বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ সংকটের আশঙ্কা তীব্র হয়েছে। খবর দিয়েছে আনাদুলু এজেন্সি।

বিশ্বের প্রায় ২০ শতাংশ এলএনজি রপ্তানি হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, যার বড় অংশ কাতার থেকে যায়। তবে প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে পড়ায় আন্তর্জাতিক বাজারে তাৎক্ষণিক প্রভাব পড়েছে।

ইউরোপের প্রধান গ্যাস ট্রেডিং হাব ডাচ টাইটেল ট্রান্সফার ফেসিলিটি (টিটিএফ)-এ এপ্রিল ডেলিভারির গ্যাসের দাম প্রতি মেগাওয়াট-ঘণ্টা ৬৫ দশমিক ৫০ ইউরোতে পৌঁছেছে, যা ২৭ ফেব্রুয়ারির ৩১ দশমিক ৯৫ ইউরোর তুলনায় দ্বিগুণেরও বেশি। একদিনেই দাম প্রায় ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বিশ্বের মোট এলএনজি রপ্তানির প্রায় এক-পঞ্চমাংশ কাতারের হওয়ায় রাস লাফান ও মেসাইদের উৎপাদন বন্ধ হয়ে যাওয়া ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর গ্যাস বাজারে সবচেয়ে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকলে ইউরোপ ও এশিয়ার মধ্যে বিকল্প এলএনজি সরবরাহ নিয়ে প্রতিযোগিতা বাড়বে।

Nagad

এদিকে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস মজুত বর্তমানে প্রায় ৩০ শতাংশে নেমে এসেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় কম। পরিস্থিতি পর্যালোচনায় ৪ মার্চ ইউরোপীয় ইউনিয়নের ন্যাচারাল গ্যাস কো-অর্ডিনেশন গ্রুপ জরুরি বৈঠকে বসবে বলে জানা গেছে।