হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিমসহ দুজন গ্রেপ্তার
ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ)।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফের অভিযানেই শনিবার (৭ মার্চ) রাতে উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন চাঁদাবাজি ও হত্যাসহ গুরুতর অপরাধ করে বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসটিএফ জানিয়েছে, ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ওসমান হাদি হত্যার পর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং বিভিন্ন এলাকায় অবস্থান শেষে বনগাঁ সীমান্তে ছিলেন-বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে।
এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং আদালতের নির্দেশে পুলিশ হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

