সৌদিতে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত, শোক প্রকাশ সরকারের
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে সৌদি আরব-এর আল-খারজ গভর্নরেটে বিমান হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সোমবার (৯ মার্চ) এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, হামলায় নিহত দুই বাংলাদেশি হলেন কিশোরগঞ্জের কটিয়াদীর বাসিন্দা বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের বাসিন্দা মোশাররফ হোসেন। এছাড়া হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস রিয়াদের কর্মকর্তারা হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন। নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
সরকার জানায়, নিরীহ বেসামরিক মানুষের প্রাণহানি গভীর উদ্বেগের বিষয়। বাংলাদেশ এমন সব হামলার তীব্র নিন্দা জানায় এবং সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
এ ছাড়া পরিস্থিতি শান্ত করতে এবং প্রাণহানি রোধে আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও কল্যাণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

