হরমুজ প্রণালি বন্ধ হলে খাদ্যের দাম বাড়ার শঙ্কা: জাতিসংঘ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ পূর্বাহ্, মার্চ ১১, ২০২৬

ছবি: এএফপি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা ইউএনসিটিএডি। এতে সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এশিয়া অঞ্চলে।

মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানিয়েছে, এই প্রণালি দিয়ে পরিবাহিত পণ্যের প্রায় ৮৪ শতাংশই এশিয়ার দেশগুলোতে যায়। ফলে এ জলপথে বিঘ্ন ঘটলে এশিয়ার অর্থনীতি ও বাজার সবচেয়ে বেশি চাপে পড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি, সার ও পরিবহন ব্যয় বেড়ে গেলে তার সরাসরি প্রভাব খাদ্যের দামের ওপর পড়ে। এতে বিশেষ করে নিম্ন আয়ের ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যেতে পারে।

ইউএনসিটিএডির তথ্য অনুযায়ী, বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ৩৮ শতাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। পাশাপাশি বিশ্বের প্রায় ২৯ শতাংশ তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং ১৯ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) এই জলপথ দিয়েই পরিবহন করা হয়।

এ ছাড়া বিশ্বে জাহাজে করে পরিবহন করা মোট সারের প্রায় এক-তৃতীয়াংশও এই প্রণালি দিয়ে যায় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে কোনো ধরনের বিঘ্ন ঘটলে বৈশ্বিক জ্বালানি সরবরাহের পাশাপাশি খাদ্যবাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

Nagad