ভারতীয় ২ জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমতি দিলো ইরান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪০ অপরাহন, মার্চ ১২, ২০২৬

সংগৃহীত ছবি

ইরান ভারতীয় দুটি তেলবাহী জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রম করার অনুমতি দিয়েছে। বুধবার (১১ মার্চ) ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এক যৌথ আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ভারতীয় কর্তৃপক্ষ এই কূটনৈতিক সফলতাকে মধ্যপ্রাচ্যের সরবরাহ চ্যানেলে স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে। অনুমতির মাধ্যমে ভারতের কাঁচা তেল ও এলপিজি সরবরাহে বড় ধরনের বাধা এড়ানো সম্ভব হবে।

সূত্র জানিয়েছে, ভারতীয় জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করার জন্য এ বিষয়ে অন্যান্য আন্তর্জাতিক মিত্রদের সঙ্গেও পরামর্শ করা হয়েছিল, যার মধ্যে রয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ও ফ্রান্সের জঁ-নল বাররো।

এদিকে চলমান সংঘাত ও হরমুজ প্রণালীতে অস্থিতিশীলতার কারণে ভারতের কমার্শিয়াল এলপিজি সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে, যা হোটেল ও রেস্টুরেন্ট খাতকে সরাসরি প্রভাবিত করছে। বেঙ্গালুরু, চেন্নাই ও মুম্বাইয়ের অনেক প্রতিষ্ঠান সরবরাহ কমার কারণে বন্ধ হওয়ার আশঙ্কা জানিয়েছে।