প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদীয় দায়িত্বে থাকবেন দুই মন্ত্রী
ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের অনুপস্থিতিতে সংসদীয় কার্যাবলি নির্বিঘ্নে পরিচালনার জন্য বিকল্প দায়িত্ব নির্ধারণ করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনের অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে অনুপস্থিত থাকলে প্রধানমন্ত্রীর কার্যালয় সংক্রান্ত যাবতীয় দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ ও সশস্ত্র বাহিনী বিভাগের সংসদীয় দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বা তাদের বিকল্প অনুপস্থিত থাকলে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সংশ্লিষ্ট সংসদীয় কার্যাবলি সম্পাদন করবেন। তৃতীয় স্তরেও কোনো মন্ত্রী উপস্থিত না থাকলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের প্রশ্নোত্তর প্রদানসহ অন্যান্য সংসদীয় কার্যক্রম পরিচালনা করবেন।