শান্তি প্রস্তাবের পর হরমুজে জাহাজ চলাচলে ছাড় দিচ্ছে ইরান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর শান্তি প্রস্তাবের পর গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে ‘অ-শত্রুভাবাপন্ন’ বা নিরপেক্ষ জাহাজ চলাচলে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান।
ইরান-ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই এমন কূটনৈতিক তৎপরতার ইঙ্গিত মিলছে। সাম্প্রতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল-এ কয়েকজন আহত হয়েছেন। এর জবাবে ইসরায়েল বিভিন্ন ফ্রন্টে হামলা অব্যাহত রেখেছে এবং দক্ষিণ লেবাননের একটি অংশ দখলের অঙ্গীকার করেছে
শান্তি উদ্যোগের বিষয়ে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি তেহরান।
হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের পক্ষ থেকে একটি ‘বড় উপহার’ দেওয়া হয়েছে, যার সঙ্গে হরমুজ প্রণালির বিষয়টি জড়িত। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
এর কিছুক্ষণ পর আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থার (আইএমও) মাধ্যমে প্রচারিত এক বার্তায় ইরান জানায়, বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালি দিয়ে ‘অ-শত্রুভাবাপন্ন’ জাহাজগুলো নিরাপদে চলাচল করতে পারবে।
এর আগে তেহরান জানালেও ঝুঁকির কারণে অনেক জাহাজ এই পথ এড়িয়ে চলছিল। তবে সাম্প্রতিক এই ঘোষণার পর বৈশ্বিক অপরিশোধিত তেলের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে—দাম প্রায় ৬ শতাংশ কমেছে বলে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, একদিকে সামরিক চাপ বজায় রেখে অন্যদিকে কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখার কৌশলই নিচ্ছে ইরান।

