হরমুজে দায়িত্বে থাকা ইরানি নৌ-কমান্ডার নিহতের দাবি ইসরায়েলের
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাত ২৭তম দিনে গড়িয়েছে। এর মধ্যেই হরমুজ প্রণালী এলাকায় দায়িত্বে থাকা ইরানের একজন শীর্ষ নৌ-কমান্ডারকে হত্যার দাবি করেছে ইসরায়েলি গণমাধ্যম।
বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানি নৌ-কমান্ডার আলিরেজা তাঙসিরি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হরমুজ প্রণালিতে অবরোধ কার্যকর রাখার দায়িত্বে ছিলেন তিনি। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি ইরান সরকার বা দেশটির প্রতিরক্ষা বাহিনী। একইভাবে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে নিশ্চিত করা হয়নি।
যদি এ তথ্য সত্য হয়, তাহলে এটি হবে চলমান সংঘাতে ইরানের উচ্চপর্যায়ের কোনো কর্মকর্তার নিহত হওয়ার সর্বশেষ ঘটনা। এর আগে একাধিকবার তাকে হত্যার চেষ্টা চালানো হলেও প্রতিবারই বেঁচে যান তাঙসিরি।
২০১৮ সালে তিনি নৌবাহিনীর উচ্চপদস্থ কমান্ডার হিসেবে দায়িত্ব পান। হরমুজ প্রণালির নিরাপত্তা ও কৌশলগত নিয়ন্ত্রণ তার অন্যতম প্রধান দায়িত্ব ছিল।
এদিকে সংঘাতের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা তৈরি হয়েছে।
তবে চলমান সংঘাতের বিভিন্ন দাবি-প্রতিদাবি এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

