বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকা দেশে ফিরিয়ে আনল সিআইডি
প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার হওয়া প্রায় ৩.৬২ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ৪৫ লাখ টাকা, দেশে ফিরিয়ে এনেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
রোববার (২৯ মার্চ) এ তথ্য জানিয়েছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান।
তিনি জানান, বহুল আলোচিত এমটিএফই (মেটাভার্স বৈদেশিক মুদ্রা) প্রতারণার মাধ্যমে বিদেশে পাচার করা অর্থের একটি অংশ সফলভাবে দেশে ফিরিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত ৪৪ কোটিরও বেশি টাকা উদ্ধার করা সম্ভব হয়েছে।
তিনি আরও বলেন, এই প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা হয়েছিল। তা উদ্ধারে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিল সিআইডি। ধারাবাহিক প্রচেষ্টা এবং আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে এই অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পাচার হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধারে কার্যক্রম অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে তদন্ত চলমান আছে।

