রিজভী–স্টাবসের ব্যাটে লক্ষ্ণৌকে হারাল দিল্লি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৭ অপরাহন, এপ্রিল ১, ২০২৬

ব্যাটিং বিপর্যয় সামলেও দারুণ এক জুটিতে ভর করে জয় তুলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। সামির রিজভী ও ট্রিস্টান স্টাবসের ব্যাটে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে ৬ উইকেটে হারিয়েছে তারা।

বুধবার (১ এপ্রিল) লখনৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ১৮.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয় লক্ষ্ণৌ। জবাবে ১৭.১ ওভারে ৪ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে দিল্লি। দলীয় ২৬ রানের মধ্যেই ৪ উইকেট হারায় তারা। গোল্ডেন ডাক মেরে ফেরেন কে এল রাহুল। আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা করেন মাত্র ১ রান।

তিন নম্বরে নামা নীতিশ রানা ১৭ বলে ১৫ রান করে ফেরেন। এরপর গোল্ডেন ডাক মারেন অক্ষর প্যাটেল। ফলে বড় ধসের মুখে পড়ে দলটি।

সেখান থেকেই ঘুরে দাঁড়ান সামির রিজভী ও ট্রিস্টান স্টাবস। পঞ্চম উইকেটে তারা গড়েন ১১৯ রানের অপরাজিত জুটি। এই জুটিতেই ম্যাচ থেকে ছিটকে যায় লক্ষ্ণৌ।

রিজভী ৪৭ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন। স্টাবস করেন ৩২ বলে ৩৯ রান।

Nagad

লক্ষ্ণৌর হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন প্রিন্স যাদব। একটি করে উইকেট শিকার করেন মহসিন খান ও মোহাম্মদ শামি।

এর আগে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লক্ষ্ণৌ। অধিনায়ক ঋষভ পান্ত ৭ রান করে রান আউট হন। এইডেন মার্করাম করেন ১১ রান।

মিডল অর্ডারে ব্যর্থ হন আয়ুশ বাদোনি ও নিকোলাস পুরান। ওপেনার মিচেল মার্শ ৩৫ রান করলেও ইনিংস বড় করতে পারেননি।

শেষদিকে আব্দুল সামাদ ২৫ বলে ৩৬ রান করে কিছুটা লড়াইয়ের আভাস দেন। তবে তাকে হারানোর পরই গুটিয়ে যায় লক্ষ্ণৌর ইনিংস। শাহবাজ আহমেদ ১৫ রানে অপরাজিত থাকেন।

দিল্লির হয়ে তিনটি করে উইকেট নেন টি নটরাজন ও লুঙ্গি এনগিদি। দুটি উইকেট শিকার করেন ভিপরাজ নিগাম, আর একটি উইকেট নেন অক্ষর প্যাটেল।

ব্যাটিং বিপর্যয়ের পর রিজভী-স্টাবসের দৃঢ়তায় সহজ জয় তুলে নিয়ে স্বস্তিতে মাঠ ছাড়ে দিল্লি ক্যাপিটালস।