তৃণমূল উদ্যোক্তাদের সঞ্চয় ও সক্ষমতা বৃদ্ধিতে এসডিআই’র ব্যতিক্রমী সিম্পোজিয়াম

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৮:৫৮ অপরাহন, এপ্রিল ৯, ২০২৬

তৃণমূল উদ্যোক্তাদের আর্থিক নিরাপত্তা জোরদার, ব্যবসা সম্প্রসারণে সহায়তা এবং সঞ্চয়ের সংস্কৃতি গড়ে তুলতে ব্যতিক্রমধর্মী সিম্পোজিয়ামের আয়োজন করেছে সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এসডিআই)।

‘উদ্যোক্তা ও সঞ্চয়: একটি ক্রমবর্ধমান আয় বৃদ্ধি ও ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চিতকরণের পথ’ শীর্ষক এ কর্মশালাটি অনুষ্ঠিত হয় ধামরাইয়ের সুতিপাড়ায় অবস্থিত এসডিআই-এর ইন্টিগ্রেটেড রিসোর্স সেন্টার (আইআরসি)-এ।

কর্মশালায় ধামরাই, মানিকগঞ্জ ও সাভার এলাকার বিভিন্ন পেশা ও পটভূমির উদীয়মান উদ্যোক্তা ও সঞ্চয়ী সদস্যরা অংশ নেন। ব্যবসার পাশাপাশি সঞ্চয়ের মাধ্যমে কীভাবে একটি স্থিতিশীল ভবিষ্যৎ গড়ে তোলা যায়-সে বিষয়ে সচেতনতা বাড়ানোই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন রিপা মোনালিসা, জয়েন্ট ডিরেক্টর, বাংলাদেশ ব্যাংক এবং দেওয়ান কৌশিক আহমেদ, অফিসার ইনচার্জ, গোলড়া হাইওয়ে থানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসডিআই-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক সামছুল হক।

কর্মশালাটি দুইটি ধাপে পরিচালিত হয়। প্রথম পর্বে উদ্যোক্তা হওয়ার গুরুত্ব, ব্যবসা শুরুর চ্যালেঞ্জ এবং সফলতার গল্প তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন। দ্বিতীয় পর্বে সঞ্চয়ের গুরুত্ব, নিয়মিত সঞ্চয়ের মাধ্যমে আর্থিক ভিত্তি শক্তিশালী করা এবং সেই সঞ্চয়কে ব্যবসা সম্প্রসারণ ও জরুরি পরিস্থিতিতে ব্যবহারের বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, ব্যবসায় সফলতার জন্য সঞ্চয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। উদ্যোক্তা আবুল করিম বলেন, ‘উদ্যোক্তাদের সফলতার মূলেই রয়েছে সঞ্চয় সৃষ্টি।” অন্য এক উদ্যোক্তা জানান, এসডিআই-এর সহায়তায় তিনি তার ব্যবসা সম্প্রসারণ করে বিদেশে পণ্য রপ্তানি করতে সক্ষম হয়েছেন।

Nagad

বিশেষ অতিথি রিপা মোনালিসা বলেন, উদ্যোক্তা তৈরি এবং সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেওয়ান কৌশিক আহমেদ বলেন, সঞ্চয় বৃদ্ধি নতুন কর্মসংস্থান তৈরিতে সহায়ক হতে পারে।

প্রধান অতিথি অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘প্রত্যেক উদ্যোক্তাকে ঝুঁকি মোকাবিলায় সঞ্চয়ের প্রতি গুরুত্ব দিতে হবে।’

সমাপনী বক্তব্যে সামছুল হক বলেন, উদ্যোক্তাদের ব্যবসায় রিসোর্স ব্যবস্থাপনা, ব্র্যান্ডিং, মার্কেটিং ও ডিজিটালাইজেশনে গুরুত্ব দিতে হবে। তিনি বলেন, ‘ব্যবসা আয় তৈরি করে, আর সঞ্চয় সেই আয়কে নিরাপদ ভবিষ্যতে রূপান্তরিত করে।’

আয়োজকদের মতে, তৃণমূল উদ্যোক্তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী ও স্বাবলম্বী করে তুলতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।