এআইইউবিতে ইউএনডিপি প্রতিনিধির সঙ্গে তরুণদের সংলাপ অনুষ্ঠিত
রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ-এআইইউবি-এ লেটস টক উইথ দ্য ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ-শীর্ষক তরুণ সংলাপ অনুষ্ঠিত হয়েছে। গত ৯ এপ্রিল আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম- ইউএনডিপি-এর বাংলাদেশে নিযুক্ত রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার।
‘অগ্রগতির অংশীদারিত্ব: তরুণদের দৃষ্টিতে ইউএনডিপি-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত’ প্রতিপাদ্যে আয়োজিত সংলাপে বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও তরুণ শিক্ষকরা অংশ নেন। তারা ইউএনডিপি প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করেন।
আলোচনায় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি, যুব নেতৃত্ব, জলবায়ু কার্যক্রম, সবুজ বিনিয়োগ, গণতন্ত্র, মানবাধিকার, লিঙ্গসমতা, বৈশ্বিক নিরাপত্তা এবং সমসাময়িক চ্যালেঞ্জসমূহ গুরুত্ব পায়। অংশগ্রহণকারীরা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আব্দুল কাইয়ূম উপস্থিত ছিলেন।
এছাড়া ইউএনডিপি প্রতিনিধির সঙ্গে এআইইউবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার, উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম, উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবদুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে এআইইউবি ও ইউএনডিপির মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাব (এপিএসি) সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। এই আয়োজনটি আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক জোরদার এবং তরুণদের বৈশ্বিক উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ধারাবাহিক উদ্যোগের অংশ।

