এইচএসসি পরীক্ষা পেছাচ্ছে, শুরু ২ জুলাই
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানো হয়েছে। আগের নির্ধারিত ৭ জুনের পরিবর্তে আগামী ২ জুলাই থেকে এ পরীক্ষা শুরু হবে।
শনিবার (১৮ এপ্রিল) সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় অংশ নেওয়া এক বোর্ড চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, পরীক্ষার্থীদের প্রস্তুতির জন্য সময় স্বল্পতা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং শিক্ষার্থী-অভিভাবকদের উদ্বেগের বিষয়টি সভায় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। পরীক্ষা পেছালে সম্ভাব্য প্রভাব নিয়েও মতবিনিময় হয়।
আলোচনা শেষে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পরীক্ষা প্রায় এক মাস পিছিয়ে ২ জুলাই থেকে শুরু করার নির্দেশনা দেন। একই সঙ্গে নতুন সময়সূচি (রুটিন) দ্রুত প্রণয়ন ও প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২৯ মার্চ অনুষ্ঠিত বৈঠকে ৭ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত হয়েছিল এবং সে অনুযায়ী বোর্ডগুলো রুটিনও প্রস্তুত করেছিল। তবে বিভিন্ন কারণে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে।

