সংসদে তথ্যমন্ত্রী: শিগগিরই ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম শুরু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২১ অপরাহন, এপ্রিল ১৯, ২০২৬

সংগৃহীত ছবি

গণমাধ্যমকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত ১০ম ওয়েজবোর্ড গঠনের কার্যক্রম খুব শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। রোববার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ডের রোয়েদাদ গেজেটে প্রকাশিত হলেও সাংবাদিক ও মালিকপক্ষের মধ্যে আয়কর সংক্রান্ত মতবিরোধের কারণে তা এখনো বাস্তবায়ন হয়নি। বর্তমানে এ বিষয়ে ছয়টি রিট বা সিভিল পিটিশন বিচারাধীন রয়েছে।

তিনি আরও জানান, সাংবাদিকদের সুরক্ষা ও পেশাগত পরিবেশ উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এর মধ্যে রয়েছে সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল গঠন, হুমকি বা ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা, নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা এবং ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ।

সরকার দলীয় এমপি মোহাম্মদ আলি আসগারের প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সংবাদপত্র ও সাংবাদিকদের স্বাধীনভাবে সাংবাদিকতা করার লক্ষ্যে ১৯৭৪ সালে প্রণীত প্রেস কাউন্সিল অ্যাক্ট যুগোপযোগী করিয়া প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী, কার্যকর গণমাধ্যমবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরিত করিবার জন্য আইনটি সংশোধন করার কার্যক্রম চলমান আছে।

তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পেশাগত কাজ করিতে অক্ষম বা অসমর্থ, শারীরিক বা মানসিকভাবে অসুস্থ ও চিকিৎসার ব্যয় নির্বাহে অসমর্থ সাংবাদিকদের এবং সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সুযোগ-সুবিধা প্রদান করিবার কার্যক্রম চলমান আছে। ২০২৫-২০২৬ অর্থবছরের মার্চ পর্যন্ত এক হাজার ১১০ জন অসুস্থ, অসচ্ছল ও দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। পাশাপাশি ট্রাস্টের অন্যান্য সহায়তামূলক কার্যক্রমও অব্যাহত আছে। ৪০২ জন সাংবাদিক পরিবারের মেধাবী সন্তানদের ৭৩ লক্ষ ২৬ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ২০২৬ এর রমজান মাসে ২০০০ জন সাংবাদিক পরিবারের মধ্যে ১ কোটি ১২ লক্ষ ৩৪ হাজার টাকার ইফতার ও ঈদ উপহার প্রদান করা হয়েছে।

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য জালাল উদ্দিনের প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল চারটি। ৫৫টি বেসরকারি টিভি চ্যানেল অনুমোদন পেলেও পূর্ণ সম্প্রচারে বেসরকারি টিভি চ্যানেল ৩৭টি।

Nagad

বিরোধী দলের সংসদ সদস্য আবদুল আলীমের প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাংবাদিকতার মানোন্নয়ন, প্রকৃত সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণ ও ভুয়া সাংবাদিকতা প্রতিরোধে বাংলাদেশ প্রেস কাউন্সিল সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণসহ অনলাইন ডাটাবেইজ তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।