বানারীপাড়ায় অবৈধ তেল মজুত: দুই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা

বানারীপাড়া প্রতিনিধি:বানারীপাড়া প্রতিনিধি:
প্রকাশিত: ৮:৫৩ অপরাহন, এপ্রিল ২০, ২০২৬

বরিশালের বানারীপাড়া বন্দর বাজারে নিয়মবহির্ভূতভাবে ভোজ্য তেল সংরক্ষণ ও বিপুল পরিমাণ তেল অবৈধভাবে মজুত করার অপরাধে দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় র‍্যাব-৮ সদর কোম্পানির সহযোগিতায় এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন বানারীপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব। আদালত সূত্রে জানা যায়, অভিযানে ব্যবসায়ী ইদ্রিস বেপারীর দোকান থেকে নোংরা ও আবর্জনার স্তূপের মধ্যে লুকিয়ে রাখা ১৩ ব্যারেল (প্রায় ২৬০০ লিটার) ভোজ্য তেল উদ্ধার করা হয়। এছাড়া পরাণ শাহের দোকানে তল্লাশি চালিয়ে আরও ৮১৬০ লিটার তেল পাওয়া যায়।

এই বিপুল পরিমাণ তেল সংরক্ষণ ও ক্রয়ের সপক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮, ৪০ ও ৫৩ ধারা মোতাবেক পরাণ শাহকে ৩০ হাজার টাকা এবং ইদ্রিস স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার মুখে ব্যবসায়ীরা দাবি করেন, তারা মিল থেকে তেলের জন্য টাকা পাঠালে ট্রলার মাঝির মাধ্যমে তেল সরবরাহ করা হয়। এর ফলে সরাসরি কোনো কাগজপত্র বা ভাউচার তাদের কাছে পৌঁছায় না। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া এ ধরনের বিশাল মজুত দণ্ডনীয় অপরাধ।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট জি এম এ মুনীব জানান, বাজার স্থিতিশীল রাখতে এবং অবৈধ মজুতদারি রুখতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

Nagad