এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে ১৮ লাখের বেশি শিক্ষার্থী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:৫০ পূর্বাহ্, এপ্রিল ২১, ২০২৬

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ২০২৬ সালের পরীক্ষা আজ মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টা থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে। পরীক্ষা চলবে আগামী ২০ মে পর্যন্ত।

এবারের পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই প্রথম পাবলিক পরীক্ষা।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত বছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৯ লাখ ৩৬ হাজারের বেশি। সে হিসেবে এবার অংশগ্রহণকারীর সংখ্যা কমেছে। দুই বছর আগে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন করেও প্রায় সাড়ে চার লাখ শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে না।

সারা দেশে মোট ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। রুটিন অনুযায়ী প্রথম দিন বাংলা বিষয়ের মাধ্যমে পরীক্ষা শুরু হয়েছে, যা টানা তিন ঘণ্টা চলবে। আগামী ৭ থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা

পরীক্ষার্থীদের জন্য আগেই ১৪টি বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো-

Nagad

পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৮টার মধ্যে কেন্দ্রে প্রবেশ করতে হবে
প্রতিটি পরীক্ষায় প্রথমে বহুনির্বাচনি (এমসিকিউ) এবং পরে সৃজনশীল/রচনামূলক অংশ অনুষ্ঠিত হবে
দুই অংশের মধ্যে কোনো বিরতি থাকবে না
কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না

সময় বণ্টন
বহুনির্বাচনি অংশের জন্য সময় ৩০ মিনিট এবং সৃজনশীল/রচনামূলক অংশের জন্য ২ ঘণ্টা ৩০ মিনিট নির্ধারণ করা হয়েছে।

পৃথকভাবে পাসের বাধ্যবাধকতা

প্রত্যেক পরীক্ষার্থীকে বহুনির্বাচনি, সৃজনশীল এবং ব্যবহারিক—এই তিন অংশে পৃথকভাবে পাস করতে হবে।

উত্তরপত্র পূরণের নিয়ম

পরীক্ষার্থীদের নিজ নিজ উত্তরপত্রের ওএমআর ফরমে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড প্রথমে বলপয়েন্ট কলম দিয়ে লিখে পরে সঠিকভাবে বৃত্ত পূরণ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।