কোথাও প্রশ্নফাঁস হয়নি, কঠোর নজরদারিতে পরীক্ষা চলবে: শিক্ষামন্ত্রী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৪ অপরাহন, এপ্রিল ২১, ২০২৬

চলমান এসএসসি ও সমমান পরীক্ষায় এখন পর্যন্ত দেশের কোথাও প্রশ্নফাঁসের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন)। তিনি বলেন, পরবর্তী পরীক্ষাগুলোও কঠোর নজরদারির মধ্যে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। সারাদেশে একযোগে অনুষ্ঠিত পরীক্ষায় শিক্ষার্থীরা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন পরিবেশে অংশগ্রহণ করেছে এবং সামগ্রিক পরিস্থিতি ছিল সন্তোষজনক।

তিনি বলেন, ‘মাঠপর্যায়ে ঘুরে আমরা দেখেছি, সবখানেই শৃঙ্খলা বজায় রয়েছে। প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় জনগণের সমন্বিত প্রচেষ্টায় একটি ইতিবাচক পরিবেশ তৈরি হয়েছে।’

পরীক্ষা কেন্দ্রগুলোতে নজরদারি জোরদার করার বিষয়ে মন্ত্রী জানান, সিসিটিভি ক্যামেরার মাধ্যমে মনিটরিং ব্যবস্থা আরও শক্তিশালী করা হয়েছে। কেন্দ্র সচিবরা নিজ নিজ কক্ষে বসে সরাসরি পরীক্ষা কার্যক্রম পর্যবেক্ষণ করছেন। ভবিষ্যতে কোনো অভিযোগ উঠলে তা যাচাইয়ের জন্য সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

প্রশ্নফাঁস প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, ‘এবার কোথাও প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি এবং এমন কোনো সম্ভাবনাও নেই। সংশ্লিষ্ট সব দপ্তর সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছ’।

Nagad

শিক্ষার্থীদের মানসিক অবস্থা প্রসঙ্গে মন্ত্রী বলেন, তারা উৎসবমুখর ও স্বস্তিদায়ক পরিবেশে পরীক্ষা দিচ্ছে, যা ইতিবাচক দিক হিসেবে দেখছেন তিনি।