বেড়েছে বাস ভাড়া, প্রতি কিলোমিটারে বাড়লো ১১ পয়সা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাসভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে। নতুন এ ভাড়া বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হবে। সচিবালয়ে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ ঘোষণা দেন।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ৪ দশমিক ৪৫ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে দূরপাল্লার রুটে ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা, যা ৫ দশমিক ১৯ শতাংশ বেশি।
এছাড়া ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এলাকার বাসভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৩২ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪৩ পয়সা হয়েছে, যা ৪ দশমিক ৭৪ শতাংশ বৃদ্ধি।
তবে স্থানভেদে বাস ও মিনিবাসের সর্বনিম্ন ভাড়া ৮ ও ১০ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ভাড়া শুধুমাত্র ডিজেলচালিত বাসের ক্ষেত্রে প্রযোজ্য হবে; সিএনজিচালিত বাস এই সিদ্ধান্তের আওতায় নেই। একই সঙ্গে ডিজেলচালিত ট্রাকসহ অন্যান্য যানবাহনেও এই সমন্বয় কার্যকর হবে। মন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি তদারকি করবে।
গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়—ডিজেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং কেরোসিন ১৮ টাকা বৃদ্ধি পায়। নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়। এর পরপরই গণপরিবহনের ভাড়া সমন্বয়ের দাবি তোলে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
মন্ত্রী আরও জানান, জ্বালানির দামের সঙ্গে সমন্বয় রেখে ভাড়া নির্ধারণের একটি নির্দিষ্ট ফর্মুলা রয়েছে। ভবিষ্যতে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়াও কমানো হবে, আর বাড়লে আবার সমন্বয় করা হবে—এ প্রক্রিয়াটি চলমান থাকবে।
এদিকে এসি বাসের ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মন্ত্রী। সেবার মান অনুযায়ী একাধিক স্তরে (স্ল্যাব) ভাড়া নির্ধারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

