শাহবাগ থানায় সংঘর্ষ, সাংবাদিকসহ ৮ জন আহত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:০৬ পূর্বাহ্, এপ্রিল ২৪, ২০২৬

রাজধানীর শাহবাগ থানা এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সাংবাদিকসহ অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টকে কেন্দ্র করে থানা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

আহতদের মধ্যে রয়েছেন ডাকসুর সমাজসেবা সম্পাদক এ বি জুবায়ের (২২), সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মুসাদ্দিক (২৩), শিক্ষার্থী তানজিম (২১), শিক্ষার্থী ও সাংবাদিক সিফাত (২০), সাংবাদিক লিটন (২১), সাংবাদিক খালিদ (২১), শিক্ষার্থী দেবাশিষ (২৪) এবং আলবি (২২)। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সর্বমিত্র চাকমা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের একটি পোস্ট ঘিরে সৃষ্ট উত্তেজনা থেকেই সংঘর্ষের সূত্রপাত। পরে আহতদের উদ্ধার করে রাত পৌনে ১০টার দিকে হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, শাহবাগ এলাকা থেকে আহত আটজনকে হাসপাতালে আনা হয়েছে এবং জরুরি বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

Nagad