এআইইউবি ও প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে বীমা চুক্তি
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি বীমা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার (২৭ এপ্রিল) এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এআইইউবির ডিন ও ভারপ্রাপ্ত ট্রেজারার অধ্যাপক ড. তাজুল ইসলাম এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. কিশোর বিশ্বাস।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. আব্দুর রহমান এবং প্রটেকটিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মো. শহিদুল ইসলামসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চুক্তির আওতায় এআইইউবির ব্যবস্থাপনা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করা হবে। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের কর্মীদের কল্যাণ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।