চারঘাটে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:২৯ অপরাহন, এপ্রিল ২৯, ২০২৬

সংগৃহীত ছবি

রাজশাহীর চারঘাটে স্বামীকে বেঁধে রেখে তার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার সরদহ রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার চারঘাট মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, নাটোর সদর উপজেলার ওই দম্পতি ট্রেনে পপকর্ন বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। মঙ্গলবার বিকেলে তারা ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জগামী ‘ঢাকা মেইল’ ট্রেনে পণ্য বিক্রি শেষে রাতে সরদহ স্টেশনে নামেন। পরে স্টেশনসংলগ্ন একটি চায়ের দোকানে বসে থাকা অবস্থায় এক ব্যক্তি লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলাকারী প্রথমে স্বামীকে মারধর করে গুরুতর আহত করে এবং তাকে একটি পরিত্যক্ত দোকানের পাশে বেঁধে রাখে। এরপর তার স্ত্রীকে স্টেশনসংলগ্ন একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। এ সময় তাদের কাছে থাকা বিক্রির টাকাও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী স্বামী জানান, তিনি চিৎকার করলে কিছু সময় পর স্থানীয়রা এসে তাকে উদ্ধার করেন। পরে তিনি স্ত্রীকে খুঁজে বের করেন। স্থানীয়দের মাধ্যমে অভিযুক্ত হিসেবে আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির পরিচয় জানা গেছে।

সরদহ স্টেশন মাস্টার ইকবাল কবির জানান, ঘটনার সময় স্টেশনে দায়িত্বে থাকা কর্মীরা বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পারেননি। পরে বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Nagad