এআইইউবিতে এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-তে অত্যাধুনিক এআই সুপারকম্পিউটিং ল্যাব উদ্বোধন করা হয়েছে। রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে এ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার, প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান, এবং প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। এছাড়া বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক উপাচার্য ড. কারমেন জেড. লামাগনা, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং প্রো-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা সদস্য ড. হাসানুল এ. হাসান বলেন, ‘বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ল্যাব এআইইউবিতে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।’

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ল্যাবটিতে এনভিআইডিআইএ ডিজিএক্স স্পার্ক সিস্টেম স্থাপন করা হয়েছে, যা সর্বোচ্চ ১ পেটাফ্লপ ক্ষমতায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রক্রিয়াকরণে সক্ষম। এর মাধ্যমে শিক্ষার্থী ও গবেষকরা বৃহৎ পরিসরের এআই মডেল-যেমন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ও ডিফিউশন সিস্টেম-নিয়ে কাজ করার সুযোগ পাবেন।

এই সুবিধার ফলে শিক্ষার্থীদের এআই ইঞ্জিনিয়ারিংয়ে হাতে-কলমে দক্ষতা অর্জন সহজ হবে বলে আশা করা হচ্ছে। একইসঙ্গে বাংলা ভাষা ও স্থানীয় প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়ে ‘সোভরেইন এআই’ উন্নয়নের ওপরও বিশেষ জোর দেওয়া হয়েছে, যা প্রযুক্তির সাংস্কৃতিক প্রাসঙ্গিকতা নিশ্চিত করবে।

এছাড়া স্বাস্থ্যসেবা, কৃষি, স্মার্ট সিটি ও বস্ত্রশিল্পসহ বিভিন্ন খাতে গবেষণায় এই ল্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।

Nagad

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, অ্যাসোসিয়েট ডিন, রেজিস্ট্রার, পরিচালক, বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।