সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’: নাহিদ ইসলাম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৭ পূর্বাহ্, মে ৪, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ হয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (৩ মে) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি আয়োজিত ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনের সর্বশেষ সেশনে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, প্রথম অধিবেশনে বিভিন্ন সংস্কার প্রস্তাব কীভাবে বাস্তবায়ন হবে, সে বিষয়ে আলোচনা হওয়ার কথা ছিল। কিন্তু সরকার তা না করে নিজেদের মতো সংসদ পরিচালনা করেছে। এভাবে চলতে থাকলে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনই একমাত্র পথ হয়ে দাঁড়াবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুসহ অনেকে। সেশনটি সঞ্চালনা করেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব।

নাহিদ ইসলাম বলেন, ‘৫৪ বছর ধরে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য লড়াই করতে হচ্ছে। মুক্তিযুদ্ধের পর গণতন্ত্র প্রতিষ্ঠার কথা থাকলেও তা বাস্তবায়িত হয়নি।’

তিনি বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে ভারসাম্য আনতে উচ্চকক্ষ প্রয়োজন এবং গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের ব্যবস্থা থাকা উচিত। একই সঙ্গে সংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দলীয়করণ বন্ধ এবং নিয়োগ প্রক্রিয়ায় একক ক্ষমতা কমানোর কথাও তুলে ধরেন তিনি।

Nagad

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, বিচার বিভাগের পৃথকীকরণ এবং ধাপে ধাপে সংস্কারের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন এনসিপির এই নেতা।

সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, শুধুমাত্র সংশোধনের মাধ্যমে টেকসই সমাধান সম্ভব নয়। অতীতের কিছু সিদ্ধান্তকে ‘ঐতিহাসিক ভুল’ হিসেবেও উল্লেখ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, সংসদের বিভিন্ন সিদ্ধান্তে তাদের ভিন্নমত থাকলেও তা নোট অব ডিসেন্ট হিসেবে লিপিবদ্ধ হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত পাস হয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘যে দল ক্ষমতায় আসবে, তারা নিজেদের ইশতেহার অনুযায়ী সনদ বাস্তবায়ন করলে সনদের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ হবে। সে কারণেই গণভোটের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’

গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পথে বাধা এলে মানুষকে রাজপথে নামতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা সেটা চাই না।’