হরমুজে মার্কিন অভিযান স্থগিত, ইরানের সঙ্গে চুক্তির ইঙ্গিত ট্রাম্পের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৬ পূর্বাহ্, মে ৬, ২০২৬

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনার মধ্যেই সাময়িকভাবে মার্কিন সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তির অগ্রগতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (৫ মে) নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে ট্রাম্প জানান, পাকিস্তানসহ কয়েকটি দেশের অনুরোধ এবং চলমান আলোচনায় ‘গুরুত্বপূর্ণ অগ্রগতি’ হওয়ায় ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।

এই প্রকল্পের আওতায় হরমুজ প্রণালি দিয়ে চলাচলরত জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করছিল যুক্তরাষ্ট্র। ট্রাম্প বলেন, “চূড়ান্ত চুক্তির সম্ভাবনা যাচাই করতে আমরা অল্প সময়ের জন্য কার্যক্রম বন্ধ রাখছি, যদিও অবরোধ বহাল থাকবে।”

এদিকে অঞ্চলজুড়ে উত্তেজনা অব্যাহত রয়েছে। মার্কিন বাহিনীর দাবি, তারা হরমুজে ইরানের একাধিক নৌকা ধ্বংস করেছে এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, টানা দ্বিতীয় দিনের মতো তারা ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

এ পরিস্থিতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস হরমুজ প্রণালির নতুন মানচিত্র প্রকাশ করে জাহাজগুলোকে নির্ধারিত রুট অনুসরণের নির্দেশ দিয়েছে। তা না মানলে ‘কঠোর জবাব’ দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংস্থাটি।

Nagad

ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, যুক্তরাষ্ট্র তাদের আক্রমণাত্মক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ করেছে এবং এখন ‘আগে গুলি না চালালে গুলি চালানো হবে না’ নীতিতে রয়েছে। তবে হরমুজ নিয়ন্ত্রণের চেষ্টার জন্য ইরানকে ‘মূল্য দিতে হবে’ বলেও সতর্ক করেন তিনি।

বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। ইরানের নিয়ন্ত্রণ ও অবরোধের কারণে আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। এর ফলে তেলের দাম বৃদ্ধি, সার সরবরাহে সংকট এবং বৈশ্বিক অর্থনীতিতে মন্দার আশঙ্কা দেখা দিয়েছে।