পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৩০ অপরাহন, মে ৯, ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড-এ আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ পাঠ করান পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর. এন. রবি।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এসময় তিনি শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানান।

নতুন সরকারের মন্ত্রী হিসেবেও শপথ নেন বিজেপির একাধিক নেতা। তাদের মধ্যে রয়েছেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানের শুরুতে মঞ্চে উঠে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-এর প্রতি শ্রদ্ধা জানান নরেন্দ্র মোদি। এছাড়া প্রবীণ বিজেপি নেতা মাখনলাল সরকারের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

সম্প্রতি অনুষ্ঠিত পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৭টিতে জয় পেয়ে সরকার গঠন করে বিজেপি। এর মধ্য দিয়ে রাজ্যটিতে তৃণমূল কংগ্রেস-এর টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। এছাড়া হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ ও চন্দ্রবাবু নাইডু-সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও অনুষ্ঠানে অংশ নেন।

Nagad