জনপ্রিয় নয়, বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ আইনমন্ত্রীর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৫ অপরাহন, মে ৯, ২০২৬

জনপ্রিয় সিদ্ধান্তের পেছনে না ছুটে বিচারকদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন-একজন বিচারককে তার চিন্তা ও চেতনায় সবসময় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে।

শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের এক ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আপনাদের যদি কোনো কথা বা দাবি থাকে, তবে সুপ্রিম কোর্ট ও আমরা তা দেখব। তবে সবার কাছে আমার একটিই অনুরোধ—জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন’ । তিনি আরও বলেন, একজন বিচারককে সবসময় চিন্তা ও চেতনায় স্বাধীন থেকে বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে।

বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা বাড়ানোর তাগিদ দিয়ে আইনমন্ত্রী বলেন, ‘আমরা চাই গোটা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা বৃদ্ধি পাক। জুডিশিয়ারির ওপর ভরসা ও বিশ্বাসের জায়গা আরও শক্তিশালী করতে হবে।’ তিনি বলেন, ‘প্রত্যেক মানুষের কাছে প্রধান বিচারপতির বাসভবন যেন তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ হয়। এটি মানুষের ক্ষোভ বা আক্রমণের জায়গায় পরিণত হোক-এমনটা আমরা আর চাই না।’

অনুষ্ঠানে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। বক্তারা বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

Nagad