ফের আটকে গেল বিজয়ের শপথ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৪৮ অপরাহন, মে ৯, ২০২৬

ভারতের তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে নতুন করে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে না পারায় অভিনেতা-রাজনীতিক থালাপতি বিজয়-এর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠান আপাতত স্থগিত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার (৮ মে) সন্ধ্যায় তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র আরলেকার-এর সঙ্গে আবারও বৈঠক করেন বিজয়। তবে রাজ্যপাল জানান, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন এখনো দেখাতে পারেননি তিনি।

তামিলনাড়ু বিধানসভার মোট আসন ২৩৪টি। সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ জন বিধায়কের সমর্থন। নির্বাচনে বিজয়ের দল তামিলনাড়ু ভেট্রি কাজাগাম (টিভিকে) এককভাবে ১০৮টি আসনে জয় পেয়েছে। ফলে সরকার গঠনে তাদের আরও অন্তত ১০ জন বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল।

ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমে দাবি করা হয়েছিল, চারটি দলের সমর্থনে টিভিকে জোটের আসন সংখ্যা ১২০-এ পৌঁছেছে। তবে একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বাস্তবে জোটটির আসন সংখ্যা এখন ১১৬, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যা থেকে দুই আসন কম।

সূত্র আরও জানায়, ভিসিকে দলের সমর্থন থাকলেও আইইউএমএল নামে একটি দলের আনুষ্ঠানিক সমর্থনের চিঠি রাজ্যপালের কাছে জমা দিতে পারেননি বিজয়। পরে দলটি এক বিবৃতিতে টিভিকেকে সমর্থন না দেওয়ার কথা জানায়। একইভাবে টিটিভি নামের আরেকটি দলও সরকার গঠনে বিজয়কে সমর্থন না করার ঘোষণা দিয়েছে।

এ অবস্থায় রাজনৈতিক অনিশ্চয়তা আরও বেড়েছে। পরিস্থিতি সামাল দিতে শুক্রবার টানা তৃতীয় দিনের মতো রাজ্যপালের সঙ্গে বৈঠক করেন থালাপতি বিজয়।

Nagad