ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৩৩ অপরাহন, মে ১০, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয়-এর নতুন ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন)। তিনি বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক।

রোববার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এ বি এম ওবায়দুল ইসলাম তাকে এ দায়িত্ব দেন। পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর ১১ অধ্যায়ে বর্ণিত প্রক্টরের দায়িত্ব ও কর্মপদ্ধতি সংক্রান্ত বিধি-বিধান অনুসরণ করে দায়িত্ব পালন করবেন নবনিযুক্ত ভারপ্রাপ্ত প্রক্টর।

এর আগে একই দিন ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তিনি উপাচার্যের কাছে পদত্যাগপত্র জমা দেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময় গত বছরের ২৮ আগস্ট শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন আহমদকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। এদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য ও উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যেই প্রক্টরের পদত্যাগের ঘটনা সামনে এলো।