তরুণদের মূল্যবোধ গঠনে ইতিবাচক কনটেন্টে জোর দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৯ অপরাহন, মে ১০, ২০২৬

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, রাষ্ট্রকে দ্রুত আধুনিক ডিজিটাল কাঠামোয় রূপান্তরের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের মূল্যবোধ তৈরিতে সহায়ক ইতিবাচক কনটেন্ট প্রচারে গুরুত্ব দিতে হবে।

রোববার (১০মে) রাজধানীর ড্যাফোডিল টাওয়ার মিলনায়তনে বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্ট আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ দর্শন বাস্তবায়নে নৈতিক শিক্ষার ভূমিকা’ শীর্ষক জাতীয় সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিনির্ভর এই সময়ে শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জনই যথেষ্ট নয়, বরং তরুণদের নৈতিক শিক্ষায়ও সমৃদ্ধ করতে হবে। তিনি বলেন, নৈতিকতার মজবুত ভিত্তি ছাড়া মেধা ও প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব নয়। তিনি আরও বলেন, বর্তমান সমাজ ও অর্থনীতি দ্রুত ডিজিটাল প্ল্যাটফর্মনির্ভর হয়ে উঠছে। তবে দেশের অনেক কাঠামো এখনো সেই পরিবর্তনের সঙ্গে পুরোপুরি তাল মেলাতে পারেনি।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ তুলে তথ্যমন্ত্রী বলেন, দায়িত্বশীল ব্যক্তি বা রাষ্ট্রনায়কের নৈতিক মানদণ্ড ঠিক না থাকলে তার পরিণতি কখনোই ভালো হয় না।

জহির উদ্দিন স্বপন বলেন, মানুষের মধ্যে জন্মগত কিছু নেতিবাচক প্রবৃত্তি থাকে, যা নিয়ন্ত্রণে শৈশব থেকেই সুকুমার বৃত্তির চর্চা প্রয়োজন। এজন্য শিক্ষাব্যবস্থা ও কারিকুলামে নৈতিক শিক্ষার প্রতিফলন থাকা জরুরি।

তিনি দাবি করেন, অতীতে দেশে দুর্বৃত্তায়নের সংস্কৃতির কারণে ভালো উদ্যোগ বা সমস্যা নিয়ে খোলামেলা আলোচনা করার পরিবেশ ছিল না। বর্তমানে সেই পরিস্থিতি বদলেছে এবং মুক্ত আলোচনার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি নৈতিক সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Nagad

বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ ছাত্রকল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক মো. মঈনউদ্দিন খান এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চেয়ারম্যান ড. মো. সবুর খান। সেমিনার শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন তথ্যমন্ত্রী।