মাদক সংশ্লিষ্টতায় পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি
মাদক বিক্রি বা সেবনের সঙ্গে কোনো পুলিশ সদস্য জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত মাদক নিয়ন্ত্রণ ও অস্ত্র উদ্ধারে সফলতার স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাজ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, মাদক দেশের যুবসমাজ ও জাতির ভবিষ্যতের জন্য বড় হুমকি। এ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। তবে কোনো পুলিশ সদস্য যদি মাদক সেবন বা মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকেন, প্রমাণ পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দীর্ঘ সময় পুলিশ বাহিনীকে একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহারের কারণে জনসাধারণের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল। তবে ধীরে ধীরে সেই পরিস্থিতি থেকে বের হয়ে পুলিশ বাহিনীর ভাবমূর্তি পুনরুদ্ধার করা হচ্ছে এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ চলছে।