ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ বানিয়েছিলেন জিয়াউর রহমান: শিক্ষামন্ত্রী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়কে ‘প্রাচ্যের অক্সফোর্ড’ হিসেবে গড়ে তুলেছিলেন বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (১২ মে) সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, জিয়াউর রহমানের সময় শিক্ষকদের বিদেশে ছুটি কাটানোর পরিবর্তে দেশে থেকে পাঠদানের সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছিল, যা শিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ১৯৯২ সালে বেগম খালেদা জিয়ার শাসনামলে ড. ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন পাসের মাধ্যমে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পথ সুগম হয়।
ড. মিলন বলেন, বর্তমানে দেশে ৫৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে। উচ্চশিক্ষায় সংখ্যার দিক থেকে অগ্রগতি হলেও গুণগত মান বা মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করার বিষয়ে আরও কাজ করার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, জিয়াউর রহমান নিজে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকাকালীন শিক্ষাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছিলেন। পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বেও শিক্ষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বর্তমান সরকারের শিক্ষা উদ্যোগের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং ভবিষ্যতের জন্য আধুনিক ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করছে।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক, গবেষক, নীতিনির্ধারক ও দেশি-বিদেশি প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

