হজে গিয়ে ১৩ বাংলাদেশির মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫৬ পূর্বাহ্, মে ১৩, ২০২৬

পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত সৌদি আরবে ১৩ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।

বুধবার (১৩ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন অনুযায়ী, মৃতদের মধ্যে ১১ জন মক্কায় এবং ২ জন মদিনায় মারা গেছেন।

হেল্প ডেস্কের তথ্য অনুযায়ী, গত ৮ এপ্রিল যশোরের কোতোয়ালি এলাকার মো. আব্দুল মতিন (৫৩) এবং দিনাজপুরের নবাবগঞ্জের মো. আজহারুল হক (৬৪) মক্কায় মৃত্যুবরণ করেন।

এরপর ধারাবাহিকভাবে বিভিন্ন সময়ে আরও বেশ কয়েকজন হজযাত্রী মারা যান। ১১ মে সাভারের নুসরাত শারমীন নামের এক নারী মক্কায় মারা যান। ৪ মে ঠাকুরগাঁওয়ের নিলুফা বেগম, ৩ মে ফরিদপুরের নাসিরউদ্দিন বিশ্বাস এবং একই দিনে চাঁপাইনবাবগঞ্জের মাহফুজা বেগম হৃদরোগে মৃত্যুবরণ করেন।

এর আগে ২৮ এপ্রিল মদিনায় রংপুরের শামসুল আলম, ২৭ এপ্রিল জামালপুরের আব্দুল হাই এবং শেরপুরের আবদুল্লাহ আল মামুনের মৃত্যু হয়। এছাড়া ২৬ এপ্রিল দিনাজপুরের খলিলুর রহমান এবং ২৫ এপ্রিল ময়মনসিংহের সেরাজুল হকের মৃত্যুর খবর পাওয়া যায়।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী রয়েছেন।

Nagad