চ্যাম্পিয়ন বার্সেলোনাকে হারিয়ে চমক দেখাল আলাভেস

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৩ পূর্বাহ্, মে ১৪, ২০২৬

লা লিগার শিরোপা আগেই নিশ্চিত করেছিল বার্সেলোনা। তবে চ্যাম্পিয়ন হওয়ার পরের ম্যাচেই হারের স্বাদ পেল কাতালান ক্লাবটি। বুধবার (১৩ মে) রাতে নিজেদের মাঠে আলাভেস ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনাকে।

ম্যাচজুড়ে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল বার্সেলোনা। তবে আক্রমণভাগে ছিলেন নিষ্প্রভ। রবার্ট লেভানদোভস্কি ও দানি ওলমোদের নিয়ে সাজানো আক্রমণ থেকেও গোল আদায় করতে পারেনি দলটি।

প্রথমার্ধের যোগ করা সময়ে ম্যাচের একমাত্র গোলটি করেন আলাভেসের ইব্রাহিম দিয়াবাতে। তার সেই গোলেই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় স্বাগতিকরা।

পুরো ম্যাচে বার্সেলোনা মোট আটটি শট নিলেও একটিও লক্ষ্যে রাখতে পারেনি। প্রথমার্ধে ছয়টি এবং দ্বিতীয়ার্ধে দুটি শট নেয় তারা। অন্যদিকে আলাভেসের নয়টি শটের তিনটি ছিল লক্ষ্যভেদী।

লা লিগায় টানা ১১ জয়ের পর এসে হারল বার্সেলোনা। চলতি মৌসুমে এটি তাদের পঞ্চম পরাজয়। এর আগে গত রোববার রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই টানা দ্বিতীয়বারের মতো লিগ শিরোপা নিশ্চিত করেছিল দলটি।

এই হারের ফলে ১০০ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করার সম্ভাবনাও শেষ হয়ে গেছে বার্সেলোনার। ৩৬ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৯১ পয়েন্ট। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

Nagad

অন্যদিকে এই জয় আলাভেসের জন্য ছিল অনেক গুরুত্বপূর্ণ। ৩৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তারা এখন লা লিগার পয়েন্ট তালিকার ১৫ নম্বরে উঠে এসেছে এবং অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে।