রাজবাড়ীতে ধর্ম অবমাননার অভিযোগে মামলা: ব্লগার এবং লেখকদের বিরূদ্ধে তদন্ত

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:৪৬ অপরাহন, ফেব্রুয়ার ১৭, ২০২৫

নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী সদর আমলী আদালতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি অনলাইনের বিভিন্ন লেখক, ব্লগার ও অ্যাক্টিভিস্টের বিরুদ্ধে দায়ের করা হয় যাদের বিরূদ্ধে ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করবার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
গত ১৬ ফেব্রুয়ারি (রবিবার) রফি আহমেদ ফিরোজ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযোগে বাদী উল্লেখ করেন “এথিস্ট নোট” নামক একটি ওয়েবসাইটে ইসলাম ধর্মের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ও কুৎসামূলক অন্যায় প্রচারণা চালিয়ে আসছে এবং মুসলমানদের ধর্মানুভূতিতে আঘাত করে আসছে।

মামলাটি বিচারক জনাব তামজিদ আহমেদ আমলে নিয়ে রাজবাড়ী সদর থানার ডিটেক্টিভ ব্রাঞ্চের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন এর জন্য ১৮ মে ২০২৫ পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলাটি জি.আর মামলা হিসেবেও গ্রহণ করা হয়।
উল্লেখ্য, মামলাটি ফৌজদারি দণ্ডবিধির ২৯৫/২৯৫ ক ধারার অধীনে দায়ের করা হয়েছে, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত সংক্রান্ত অভিযোগে ব্যবহৃত হয়ে থাকে।
মামলায় বেশ কিছু ব্যক্তিকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন – আজমাইন শাহরিয়ার অর্ণব, নুসরাত সুজানা নওরিন, ফাহিন আলম, মোহাম্মাদ আব্দুল কাদের সুমেল, শামীম আল মামুন, শিপলু কুমার বর্মণ, মোঃ জাকির হোসাইন, মোর্শেদ আলম, আবু বকর সিদ্দিক, মোঃ আবির হোসাইন, মোঃ ফাহাদ হোসাইন, মোহাম্মদ মিজানুর রাহমান, মোঃ আল আমিন কায়সার, মোঃ আব্দুল রাজ্জাক, মুকিত চৌধুরী, মুহাম্মাদ শহীদুল ইসলাম জায়গীরদার, মোঃ রাজিম হোসাইন, মুসা আহমেদ জায়গীরদার, আব্দুল্লাহ আল মাহমুদ ফরিদ, মোঃ মাজহারুল ইসলাম, গাজী মোহাম্মাদ সাইফুল ইসলাম-সহ অন্যান্য।