বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে চীনকে আহ্বান বাণিজ্যমন্ত্রীর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহন, মে ১৪, ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সংগৃহীত ছবি

চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী উল্লেখ করে দেশটিকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীতে দ্বিতীয়বারের মতো আয়োজিত বাংলাদেশ-চীন গ্রিন টেক্সটাইল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী। আমরা দেশটির বিনিয়োগকারীদের এদেশে আরও বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, যা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।’

তিনি আরও বলেন, বাংলাদেশের পাট শিল্পের উন্নয়নে চীনের প্রযুক্তিগত সহায়তা প্রয়োজন। এ খাতে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের মাধ্যমে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে কাজ করছে চীন। একই সঙ্গে গ্রিন টেক্সটাইল খাতে প্রযুক্তিগত সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

গ্রিন টেক্সটাইল শিল্পভিত্তিক এই আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের বিভিন্ন খ্যাতনামা টেক্সটাইল ও গার্মেন্টস কোম্পানি, বিনিয়োগকারী, প্রযুক্তিবিদ এবং ব্যবসায়ী প্রতিনিধিরা অংশ নিয়েছেন। প্রদর্শনীতে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য টেক্সটাইল প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি বিভিন্ন সেমিনার ও প্যানেল আলোচনার আয়োজন করা হয়েছে। এতে দুই দেশের শীর্ষ উদ্যোক্তারা অংশ নিচ্ছেন। তিন দিনব্যাপী এই প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। আয়োজন চলবে আগামী ১৬ মে পর্যন্ত।

Nagad