উত্তরা ও গাজীপুরে জাল টাকার কারখানায় ডিবির অভিযান, আটক ৩
রাজধানীর উত্তরা ও গাজীপুরে জাল টাকার কারখানায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৩৪ লাখ টাকার জাল নোট, টাকা তৈরির তিনটি মেশিন এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মো. শফিকুল ইসলাম।
তিনি বলেন, কোরবানির হাটকে কেন্দ্র করে জাল টাকা কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উত্তরায় জাল টাকা বিক্রির সময় একজনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে জাল টাকা ছাড়াও প্রায় ৪০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়।
ডিবি প্রধান আরও জানান, আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। সেখানে তল্লাশি চালিয়ে প্রায় ৩৪ লাখ টাকার জাল নোট উদ্ধার করা হয়, যা বাজারে সরবরাহের জন্য প্রস্তুত ছিল।
এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত তিনটি মেশিনও জব্দ করা হয়।
এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ডিবির এই কর্মকর্তা।

