জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশকে ব্রাজিলের সমর্থন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্, মে ১৬, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রতি সমর্থন ঘোষণা করেছে ব্রাজিল। একই সঙ্গে উদীয়মান অর্থনীতির জোট ব্রিকসে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়েও ইতিবাচক অবস্থান জানিয়েছে লাতিন আমেরিকার এই দেশটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৪ মে) ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সমর্থনের কথা জানানো হয়।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভার প্রধান উপদেষ্টা সেলসো আমোরিম বৈঠকে জানান, জাতিসংঘ সাধারণ পরিষদের নির্বাচনে ব্রাজিল বাংলাদেশকে সমর্থন দেবে।

আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে সাইপ্রাসের বিপক্ষে। এর আগে আলজেরিয়াও বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছে।

বৈঠকে সেলসো আমোরিম দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের রাজনৈতিক সংলাপ ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের জন্য নিয়মিত প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম গঠনের প্রস্তাব দেন।

তিনি বলেন, বর্তমান বৈশ্বিক বাস্তবতায় গ্লোবাল সাউথের দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় জরুরি।

Nagad

এর জবাবে হুমায়ুন কবির বলেন, এই উদ্যোগ দুই দেশের কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করবে।

বৈঠকে দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েও আলোচনা হয়। বর্তমানে বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় চার বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশের পক্ষ থেকে তৈরি পোশাক, ওষুধ ও পাটজাত পণ্য রপ্তানি বাড়ানোর পাশাপাশি সরাসরি শিপিং ব্যবস্থা চালুর বিষয়েও আলোচনা করা হয়।

এছাড়া ব্রিকস জোটে বাংলাদেশের সদস্যপদ নিয়ে আলোচনায় ব্রাজিল ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।