হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৫:৩১ অপরাহন, মে ১৭, ২০২৬

সংগৃহীত ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছিল, আর বাকি পাঁচজন হামের উপসর্গে আক্রান্ত ছিল।

রোববার (১৭মে) স্বাস্থ্য অধিদপ্তর প্রকাশিত হাম সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৫১৭ শিশু। এর মধ্যে ২৪৩ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে এবং ১ হাজার ২৭৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৭৫ শিশু এবং উপসর্গে মৃত্যু হয়েছে ৩৮৪ শিশুর।

এ ছাড়া একই সময়ের মধ্যে ৫৭ হাজার ৮৪৬ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৪২ হাজার ৯২ শিশু। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৩৭ হাজার ৭৪৪ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম প্রতিরোধে টিকাদান কর্মসূচি জোরদার করা এবং শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনা জরুরি।

Nagad