ইসলাম ধর্মের ব্যাপারে কটূক্তির জের ধরে ধর্ম-অবমাননা ও ধর্মানুভূতিতে আঘাতের অভিযোগঃ ঢাকা মহানগরীতে মামলা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১২:২৮ পূর্বাহ্, ফেব্রুয়ার ২৪, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ২৫ নম্বর কোর্টে গত ২২ ফেব্রুয়ারি ধর্ম অবমাননা, বিদ্রূপূপাত্মক ভাবে ধর্মীয় অনুভূতিতে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় বাদী ইউসুপ কাউসার অনলাইন প্ল্যাটফর্ম এ প্রকাশিত কয়েকটি লেখাকে কেন্দ্র করে উক্ত লেখাগুলোর লেখকদের বিরুদ্ধে ইসলাম ধর্মানুভূতিতে আঘাত আনার ফৌজদারী অভিযোগ আনেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ মামলাটি তদন্তের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পিবিআই শাখাকে নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২১ এপ্রিল পরবর্তী শুনানীর তারিখ নির্ধারণ করা হয়েছে।
ফৌজদারি দণ্ডবিধি ১৮৬০ (সংশোধিত)-এর ২৯৫, ২৯৫(ক), ২৯৮ ও ৩৪ ধারায় মামলাটি দায়ের করা হয়। এতে মোট আটজনকে আসামি করা হয়েছে।
আসামীরা হলেন, মো. তোফায়েল আহমেদ, নুরুল আমিন, বুরহান উদ্দিন, মোছা. নাসরিন সুলতানা, রুমানা পারভীন, তাহসিন আহমেদ, গাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্য। মামলাটি সি.আর.- ২২০/২০২৬ নম্বরে নথিভুক্ত হয়েছে।
পিবিআই-এর পক্ষ থেকে এই ব্যাপারে কোনো মন্তব্য করা হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পিবিআই সূত্র জানান যে ধর্মীয় অনুভূতিতে আঘাতসংক্রান্ত অভিযোগকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়ে থাকে এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে। একই সঙ্গে দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার বিষয়েটিও সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়ে থাকে।
অন্যদিকে, এথিস্ট নোট- সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকে পাওয়া যায়নি।
অসমর্থিত আদালত সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিরুদ্ধে ইসলাম ধর্মের প্রতি আপত্তিকর, বিদ্রূপাত্মক ও কষ্টদায়ক বিষয়বস্তু প্রকাশের অভিযোগ উত্থাপিত হয়েছে।