হেপাটাইটিস এ-তে আক্রান্ত ডিজে সনিকা, হাসপাতালে চিকিৎসাধীন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৪৬ অপরাহন, মে ১৯, ২০২৬

হেপাটাইটিস এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন দেশের জনপ্রিয় ডিজে ও গায়িকা ডিজে সনিকা। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (১৮ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেন তিনি। পরে জানা যায়, তিনি বনানীর ইয়র্ক হসপিটালে ভর্তি আছেন।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা একটি ছবি পোস্ট করে সনিকা লেখেন, “আগামী কয়েকদিনের জন্য এটাই আমার ঘর।” সঙ্গে তিনি একটি সাদা হৃদয়ের ইমোজিও যুক্ত করেন।

তার অসুস্থতার খবর প্রকাশের পর ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

ডিজে সনিকা ২০০৭ সালে পেশাদার ডিজে হিসেবে যাত্রা শুরু করেন। অল্প সময়ের মধ্যেই সংগীতাঙ্গনে পরিচিতি পান তিনি। ২০১১ সালের আইসিসি ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে আন্তর্জাতিক মঞ্চেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।

পরবর্তীতে তিনি সংগীত ও অভিনয় দুই ক্ষেত্রেই কাজ করেছেন। ২০১৩ সালে তিনি ‘শ্রেষ্ঠ বাংলাদেশি মহিলা ডিজে’ পুরস্কার পান। এছাড়া ২০১৪ সালে তার মিউজিক ভিডিও ‘ভল্লাগে’ প্রকাশিত হয়।

Nagad

সংগীতের পাশাপাশি ছোটপর্দার নাটকেও অভিনয় করেছেন তিনি।