অব্যাহতি প্রত্যাহার, পদ ফিরে পেলেন ছাত্রদল নেতা হামিম

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহন, মে ২১, ২০২৬

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার অধীন কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদ থেকে দেওয়া অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। প্রায় আড়াই মাস পর তার ওপর আরোপিত সাংগঠনিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলো।

বৃহস্পতিবার (২১ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শেখ তানভীর বারী হামিমের সাংগঠনিক পদের অব্যাহতি প্রত্যাহার করা হয়েছে। ফলে এখন থেকে তার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় আর কোনো বিধিনিষেধ থাকছে না।

এর আগে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ৪ মার্চ হামিমকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়। তারও আগে ২৭ ফেব্রুয়ারি তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেয় কেন্দ্রীয় ছাত্রদল।

শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ২০২৫-এ ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী হিসেবে আলোচনায় আসেন।

Nagad