শিশু মৃত্যুর মিছিল থামছেই না, হাম আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু
ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে জেলা কালেক্টর জামে মসজিদে জুমার নামাজ শেষে বের হওয়ার পর এ ঘটনা ঘটে।
পরে নিজের ফেসবুক পোস্টে হামলার বর্ণনা দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ঝিনাইদহে অবস্থানকালে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা পুলিশের উপস্থিতিতেই তাদের ওপর হামলা চালায়।
তার ভাষ্য অনুযায়ী, প্রথমে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে হকিস্টিক দিয়ে অতর্কিত হামলা চালানো হয়। এতে অন্তত তিনজনের মাথা ফেটে যায় এবং আরও কয়েকজন আহত হন। তাকেও লক্ষ্য করে কিল-ঘুষি মারা হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ছাড়া হামলাকারীরা মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেন এনসিপির এই নেতা।
ঘটনার পর তারা থানায় অবস্থান করছেন এবং মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, থানার সামনেও হামলার প্রস্তুতি চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে ‘ভুয়া ভুয়া’ স্লোগানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এদিকে এনসিপি নেতা সারজিস আলম ফেসবুক পোস্টে দাবি করেন, ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে এবং এতে কয়েকজন রক্তাক্ত হয়েছেন।
ঘটনার প্রতিবাদে এনসিপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। তারা স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এবং হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের আহ্বান জানান।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

